দুই আমি

– রবীন্দ্রনাথ ঠাকুর

বৃষ্টি কোথায় নুকিয়ে বেড়ায়
          উড়ো মেঘের দল হয়ে ,
সেই দেখা দেয় আর – এক ধারায়
          শ্রাবণ – ধারার জল হয়ে ।
আমি ভাবি চুপটি করে
          মোর দশা হয় ওই যদি !
কেই বা জানে আমি আবার
          আর – একজনও হই যদি !
একজনারেই তোমরা চেন
          আর – এক আমি কারোই না ।
কেমনতরো ভাবখানা তার
          মনে আনতে পারোই না ।
হয়তো বা ওই মেঘের মতোই
          নতুন নতুন রূপ ধরে
কখন সে যে   ডাক দিয়ে যায় ,
          কখন থাকে চুপ করে ।
কখন বা সে পুবের কোণে
          আলো – নদীর বাঁধ বাঁধে ,
কখন বা সে আধেক রাতে
          চাঁদকে ধরার ফাঁদ ফাঁদে ।
শেষে তোমার ঘরের কথা
          মনেতে তার যেই আসে ,
আমার মতন হয়ে আবার
          তোমার কাছে সেই আসে ।
আমার ভিতর লুকিয়ে আছে
          দুই রকমের দুই খেলা ,
একটা সে ওই আকাশ – ওড়া ,
          আরেকটা এই ভুঁই – খেলা ।


Leave a Reply