বাদশার মুখখানা গুরুতর গম্ভীর
– রবীন্দ্রনাথ ঠাকুর
বাদশার মুখখানা
গুরুতর গম্ভীর,
মহিষীর হাসি নাহি ঘুচে;
কহিলা বাদশা-বীর,–
“যতগুলো দম্ভীর
দম্ভ মুছিব চেঁচে-পুঁছে।’
উঁচু মাথা হল হেঁট,
খালি হল ভরা পেট,
শপাশপ্ পিঠে পড়ে বেত।
কভু ফাঁসি কভু জেল,
কভু শূল কভু শেল,
কভু ক্রোক দেয় ভরা খেত।
