ছল

– রবীন্দ্রনাথ ঠাকুর

তোমারে পাছে সহজে বুঝি     তাই কি এত লীলার ছল –
বাহিরে যবে হাসির ছটা     ভিতরে থাকে আঁখির জল।
বুঝি গো আমি, বুঝি গো তব     ছলনা –
যে কথা তুমি বলিতে চাও     সে কথা তুমি বল না।।

তোমারে পাছে সহজে ধরি     কিছুরই তব কিনারা নাই –
দশের দলে টানি গো পাছে     কিরূপ তুমি, বিমুখ তাই।
বুঝি গো আমি, বুঝি গো তব     ছলনা –
যে পথে তুমি চলিতে চাও     সে পথে তুমি চল না।।

সবার চেয়ে অধিক চাহ,     তাই কি তুমি ফিরিয়া যাও –
হেলার ভরে খেলার মতো     ভিক্ষাঝুলি ভাসায়ে দাও?
বুঝেছি আমি, বুজেছি তব     ছলনা –
সবার যাহে তৃপ্তি হল     তোমার তাহে হল না।।


Leave a Reply