নীল পরি
– কাজী নজরুল ইসলাম
ওই সর্ষে ফুলে লুটাল কার
হলুদ-রাঙা উত্তরি।
উত্তরি-বায় গো –
ওই আকাশ-গাঙে পাল তুলে যায়
নীল সে পরির দূর তরি॥
তার অবুঝ বীণার সবুজ সুরে
মাঠের নাটে পুলক পুরে,
ওই গহন বনের পথটি ঘুরে
আসছে দূরে কচিপাতা দূত ওরই॥
মাঠঘাট তার উদাস চাওয়ায়
হুতাশ কাঁদে গগন মগন
বেণুর বনে কাঁপচে গো তার
দীঘল শ্বাসের রেশটি সঘন।
তার বেতস-লতায় লুটায় তনু,
দিগ্বলয়ে ভুরুর ধনু,
সে পাকা ধানের হীরক-রেণু
নীল নলিনীর নীলিম-অণু
মেখেছে মুখ বুক ভরি॥

আমি Susmita Das একজন বাংলা কনটেন্ট রাইটার এবং ব্লগার। আমি বাংলা কবিতা, উক্তি ও জীবনী বিষয়ক লেখা তৈরি করতে ভালোবাসি। আমার লক্ষ্য হলো পাঠকদের জন্য সেরা অনুপ্রেরণামূলক ও মানসম্পন্ন বাংলা কনটেন্ট প্রদান করা। আমি নিয়মিত নতুন নতুন উক্তি, কবিতা এবং তথ্যবহুল পোস্ট প্রকাশ করি যাতে আপনারা প্রতিদিন কিছু শিখতে পারেন।
