বঙ্গভূমির প্রতি
কেন চেয়ে আছ , গো মা , মুখপানে !
এরা চাহে না তোমারে চাহে না যে ,
আপন মায়েরে নাহি জানে !
এরা তোমায় কিছু দেবে না , দেবে না —
মিথ্যা কহে শুধু কত কী ভানে !
তুমি তো দিতেছ মা , যা আছে তোমারি —
স্বর্ণশস্য তব , জাহ্নবীবারি ,
জ্ঞান ধর্ম কত পুণ্যকাহিনী ।
এরা কী দেবে তোরে , কিছু না , কিছু না —
মিথ্যা কবে শুধু হীন পরানে !
মনের বেদনা রাখো , মা , মনে ,
নয়নবারি নিবারো নয়নে ,
মুখ লুকাও , মা , ধূলিশয়নে —
ভুলে থাকো যত হীন সন্তানে ।
শূন্যপানে চেয়ে প্রহর গণি গণি
দেখো কাটে কি না দীর্ঘ রজনী
দুঃখ জানায়ে কী হবে , জননী ,
নির্মম চেতনহীন পাষাণে !
(কড়ি ও কোমল কাব্যগ্রন্থ)

আমি Susmita Das একজন বাংলা কনটেন্ট রাইটার এবং ব্লগার। আমি বাংলা কবিতা, উক্তি ও জীবনী বিষয়ক লেখা তৈরি করতে ভালোবাসি। আমার লক্ষ্য হলো পাঠকদের জন্য সেরা অনুপ্রেরণামূলক ও মানসম্পন্ন বাংলা কনটেন্ট প্রদান করা। আমি নিয়মিত নতুন নতুন উক্তি, কবিতা এবং তথ্যবহুল পোস্ট প্রকাশ করি যাতে আপনারা প্রতিদিন কিছু শিখতে পারেন।
