আমার কৈশোরে
-সুনীল গঙ্গোপাধ্যায়
শিউলি ফুলের রাশি শিশিরের আঘাতও সয় না
অন্তত আমার কৈশোরে তারা এরকমই ছিল
এখন শিউলি ফুলের খবরও রাখি না অবশ্য
জানি না তারা স্বভাব বদলেছে কি না
আমার কৈশোরে শিউলির বোঁটার রঙ ছিল শুধু
শিউলি বোঁটারই মতন
কোনো কিছুর সঙ্গেই তার তুলনা চলতো না
আমার কৈশোরে পথের ওপর ঝরে পড়ে থাকা
শিশিরমাখা শিউলির উপর পা ফেললে পাপ হতো
আমরা পাপ কাটাবার জন্য প্রণাম করতাম।
আমার কৈশোরে শিউলির সম্মানে সরে যেতো বৃষ্টিময় মেঘ
তখন রোদ্দুর ছিল তাপহীন উজ্জ্বল
দু’হাত ভরা শিউলির ঘ্রাণ নিতে নিতে মনে হতো
আমার কোনো গোপন দুঃখ নেই
আমার হৃদয়ে কোনো দাগ নেই
পৃথিবীর সব আকাশ থেকে আকাশে
বেজে উঠছে উৎসবের বাজনা
সাদা শিউলির রাশি বড় শুদ্ধ, প্রয়োজনহীন
দেখলেই বলতে ইচ্ছে করতো
আমি কারোকে কখনো দুঃখ দেবো না
অন্তত এরকমই ছিল আমার কৈশোরে
এখন অবশ্য শিউলি ফুলের খবরও রাখি না।

আমি Susmita Das একজন বাংলা কনটেন্ট রাইটার এবং ব্লগার। আমি বাংলা কবিতা, উক্তি ও জীবনী বিষয়ক লেখা তৈরি করতে ভালোবাসি। আমার লক্ষ্য হলো পাঠকদের জন্য সেরা অনুপ্রেরণামূলক ও মানসম্পন্ন বাংলা কনটেন্ট প্রদান করা। আমি নিয়মিত নতুন নতুন উক্তি, কবিতা এবং তথ্যবহুল পোস্ট প্রকাশ করি যাতে আপনারা প্রতিদিন কিছু শিখতে পারেন।
