বাতাসে তুলোর বীজ
-সুনীল গঙ্গোপাধ্যায়
বাতাসে তুলোর বীজ, তুমি কার?
এই দিক শূন্য ওড়াউড়ি, এ যেন শিল্পের রূপ-
আচমকা আলোর রশ্মি পপি ফুল ছুঁয়ে গেলে
যে রকম মিহি মায়াজাল
বাতাসে তুলোর বীজ তুমি কার?
পাহাড়ী জঙ্গল থেকে উড়ে এলে
খোলা জানলা পাঁচকোণা ঘরে
আমার শব্দের রেশ উড়ে যায়
নামহীন নদীটির ধারে
স্বপ্নের ভিতর ফোটে স্নেহের মতন জোৎস্না
বৃদ্ধ কৃষকের ছায়া
আলপথে দাঁড়িয়ে ধানের গন্ধ নেয়
ঘুমে আঠা হয়ে আসে দূরে কোনো অচেনা নারীর চোখ
এ যেন শিল্পের রূপ
এই দিক শূন্য ওড়াউড়ি
বাতাসে তুলোর বীজ, তুমি কার?

আমি Susmita Das একজন বাংলা কনটেন্ট রাইটার এবং ব্লগার। আমি বাংলা কবিতা, উক্তি ও জীবনী বিষয়ক লেখা তৈরি করতে ভালোবাসি। আমার লক্ষ্য হলো পাঠকদের জন্য সেরা অনুপ্রেরণামূলক ও মানসম্পন্ন বাংলা কনটেন্ট প্রদান করা। আমি নিয়মিত নতুন নতুন উক্তি, কবিতা এবং তথ্যবহুল পোস্ট প্রকাশ করি যাতে আপনারা প্রতিদিন কিছু শিখতে পারেন।
