সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা | Sunil Gangopadhyay Poems

You are currently viewing সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা | Sunil Gangopadhyay Poems

রাগী লোক

-সুনীল গঙ্গোপাধ্যায়

রাগী লোকেরা কবিতা লিখতে পারে না
তারা বড্ড চ‌্যাঁচায়
গহন সংসারের ম্লান ছায়ায় রাগী লোকরা অত্যন্ত নিঃসঙ্গ
তারা নিজের কন্ঠস্বর শুনতে ভালোবাসে।
পাহাড়ের পায়ের কাছে লুটিয়ে পড়া জলপ্রপাতের পাশে
আমি একজন রাগী লোককে দেখেছিলাম
তার বাঁকা ভুরু ও উদ্ধত ভঙ্গিমার মধ্যেও কি অসহায়
একজন মানুষ—
নদীর গতিপথ কেন খালের মতন সরল নয়
এই নিয়ে লোকটি খুব রাগারাগি করছিল !
হাতে এক গোছা চাবি
তবু তালা খোলার বদলে সে পৃথিবীর সব
দরজা ভেঙে ফেলতে চায়—
ঐ লোকটি কোনোদিন কবিতা লিখতে পারবে না
এই ভেবে আমার কষ্ট হচ্ছিল খুব‍ !
পাহাড় ও জলপ্রপাতের পাশে সেই
বিশাল সুমহান প্রকৃতির মধ্যে
বাজে পোড়া শুকনো গাছের মতোন দাঁড়িয়ে রইলো
একজন রাগী মানুষ ।


Leave a Reply